ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মাইকেল ভন টুইটারে শেয়ার করেছেন একটি ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে এক ক্ষুদেকে। পরনে তার টি শার্ট ও ডায়াপার! হাতে একজোড়া গ্লাভস পরে সে নেমে পড়েছে ক্রিকেট খেলতে। কোনো একটি ঘরের মধ্যেই সে খেলছে।
তার ব্যাট থেকে ঠিকরে বেরোচ্ছে একের পর এক চমকে দেওয়া স্ট্রোক। একেবারে কেতাবি ঢংয়ে ড্রাইভ শট খেলছে সে। একেবারে সোজা ব্যাটে ব্যাটের মাঝখান দিয়ে শট খেলার প্রবণতা, সুন্দর টেকনিক অবলম্বন করে একরত্তি ব্যাটসম্যানের ক্রীড়া নৈপুণ্য চমকে দিয়েছে ভনকে। ভিডিওটি শেয়ার না করে আর পারেননি তিনি।
ওই খেলা দেখে মুগ্ধ নেটিজেনরা। অনেকেই নানা রকম কমেন্ট করেছেন। একজন লিখেছেন, “নিখুঁত ক্রিকেট স্টাইল।”
আর একজন আবার লিখেছেন, “আরে এই ছেলেটার চোখ আর রিফ্লেক্স যে স্টিভ স্মিথের মতো।”
একজন লেখেন, ‘‘টেন্ডুলকারের পুনর্জন্ম।”
সকলে কেবল প্রশংসাই করেননি। কেউ কেউ মজাও করেছেন ক্ষুদের ক্রিকেট প্রতিভা দেখে। একজন যেমন লেখেন, ‘‘ওকে বাউন্সার দাও।” এর উত্তরে একজন আবার লেখেন, ‘‘একমাত্র ব্যাটসম্যান যে বাউন্সারেও বোল্ড হতে পারে।”
কোনো কোনো ফ্যান আবার মাইকেল ভনকে চিমটি কাটতে ছাড়েননি। তেমনই একজন লেখেন, ‘‘একে দেখে মনে হচ্ছে টেকনিক আপনার চেয়েও ভাল, কী বলেন মাইকেল ভন?”
আর একজনের সরস মন্তব্য, ‘‘আপনিও কি এই একই ব্র্যান্ডের ন্যাপি পরেই ব্রেট লি-কে খেলতেন?।”