সরকারি গাছ কেটে টাকা আত্মসাৎ চেয়ারম্যান বরখাস্ত

সরকারি গাছ কেটে টাকা আত্মসাতের অভিযোগে দিনাজপুর সদর উপজেলার আস্করপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান জিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় প্রেরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আস্করপুর ইউনিয়নের চেয়ারম্যান জিয়া সরকারি রাস্তার গাছ কেটে বিক্রি করে সেই টাকা আত্মসাতের অভিযোগ- উপপরিচালক, স্থানীয় সরকার দিনাজপুর কর্র্তৃক তদন্তে প্রমাণিত হয়েছে। জনস্বার্থে তার দ্বারা ইউনিয়ন পরিষদে ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে। জিয়ার সংঘটিত অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় তাকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো। এ আদেশ যথাযথ কর্র্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা হয়েছে। অবিলম্বে তা কার্যকর করা হবে।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান জিয়া বলেন, ‘আমার কাছে এখনো এ রকম কোনো প্রজ্ঞাপন আসেনি। আর আমি নিয়মানুযায়ী গাছ কেটে সরকারি কোষাগারে টাকা জমা করেছি।’