নারায়ণগঞ্জের একটি আদালতে পৃথক মামলায় ১০ জনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সাজাপ্রাপ্তদের মধ্যে ডাকাতির একটি মামলায় ৮ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ওএমএসের চাল চুরির অপরাধে জাহাঙ্গীর (৩৮) নামে এক ট্রাক ড্রাইভারকে ৭ বছর সশ্রম কারাদণ্ডসহ ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। অপর একটি মাদক মামলায় লিটন (২৫) নামে একজনকে ৩ বছরের সশ্রম কারাদণ্ডসহ ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময় নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ শেখ রাজিয়া সুলতানার আদালত ওই রায় ঘোষণা করেন। ডাকাতি মামলায় সাজাপ্রাপ্তরা হলেন-আড়াইহাজার উপজেলার মরদাসদী গ্রামের সোহেল, একই গ্রামের জালাল, শের আলী, মোকসেদ আলী ওরফে মোস্তালী, পলাতক আল-আমিন ও খাগকান্দা গ্রামের আলমগীর, একই গ্রামের জাহাঙ্গীর ও লোকমান মিয়া। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন আহমেদ জানান, ২০০৭ সালের ৪ ডিসেম্বর রাতে আড়াইহাজার উপজেলার জাঙ্গালিয়া উচিৎপুরা গ্রামের মাঝামাঝি স্থানে এক মোটরসাইকেল আরোহীকে পথরোধ করে ডাকাতি করে ৮ জন।