বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠক

সহজ শর্তের ঋণ চান তাজুল ইসলাম

বাংলাদেশকে আরও বেশি অনুদান ও সহজ শর্তে ঋণ দিতে বিশ্বব্যাংককে আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

গতকাল সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বনের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতে তিনি এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, সরকার সবার জন্য সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনার উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন কাজ করছে। রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণে আমরা টেকসই প্রযুক্তি ব্যবহার করছি। এজন্য আর্থিক সহায়তা দরকার।

সরকারের উন্নয়ন কর্মসূচিতে সহায়তার আশ্বাস দিয়ে মার্সি টেম্বন বলেন, বিশ্বব্যাংক ‘আমার গ্রাম, আমার শহর’ কর্মসূচিসহ পরিবহন, অবকাঠামো এবং মানবসম্পদ উন্নয়নে সহায়তা করতে আগ্রহী।