রাজধানীর গুলশানে প্লট বিক্রির নামে প্রতারণার মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার মামলায় কামরুল হুদা (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বনানী থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
বনানী থানার ওসি বিএম ফরমান আলী দেশ রূপান্তরকে জানান, প্রতারণা ও জালিয়াতির অভিযোগে কামরুল হুদার বিরুদ্ধে আদালতে বেশ কয়েকটি মামলা রয়েছে। এর মধ্যে বনানীর ‘নিউ অটো গ্যালাক্সি’ নামে গাড়ির শোরুমের মালিক নজরুল ইসলামের করা মামলার পরোয়ানায় কামরুলকে গ্রেপ্তার করা হয়। এদিকে কামরুলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) করা নজরুলের এক অভিযোগ বলা হয়, ফরিদপুরের আটরশিতে গ্রামের বাড়িতে হেলিপ্যাডসহ বিলাসবহুল বাড়ি এবং ঈশ্বরদীতে ৫০০ বিঘা লিচুবাগান করেছেন কামরুল। তিনি মালয়েশিয়ায় বিলাসবহুল ফ্ল্যাট কিনে ‘সেকেন্ড হোম’ গড়েছেন।