বেনাপোল পোর্ট থানার আমড়াখালী, দৌলতপুর ও ঘিবা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৬ পিস (৩ কেজি ৪৮৫ গ্রাম ) সোনার বারসহ তিনজনকে আটক করেছে বিজিবি। বুধবার সকালে এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন- রবিউল ইসলাম (৩৬) যশোরের আর এন রোড এলাকার মনির উদ্দিনের ছেলে, দিলিপ কুমার (৩০) ঘিবা গ্রামের মৃত গোহর কুমারের ছেলে ও মিনরা খাতুন (২৫) স্থানীয় বড়আচড়া গ্রামের রমজান আলীর স্ত্রী। তারা দীর্ঘদিন ধরে অর্থের বিনিময়ে ভারতে সোনা পাচার করে আসছিল বলে বিজিবি জানায়।
৪৯ বিজিবির উপঅধিনায়ক মেজর নজরুল ইসলাম জানান, বেনাপোল সীমান্ত পথে বিপুল পরিমাণ সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে- এমন ধরনের খবর পেয়ে বিজিবির তিনটি টহল দল আমড়াখালী এলাকা থেকে রবিউল ইসলামকে ৮ পিস (৭৮৫ গ্রাম), ঘিবা সীমান্ত থেকে দিলিপ কুমারকে ২ পিস (২ কেজি) ও দৌলতপুর সীমান্ত থেকে মনিরা খাতুনকে ৬ পিস (৭০০ গ্রাম) সোনার বারসহ আটক করা হয়।
আটক সোনার মূল্য ১ কোটি ৭৫ লাখ টাকা বলে বিজিবি জানায়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।