দরিদ্র শিক্ষার্থীর দায়িত্ব নিলেন নড়াইলের ডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ নড়াইল সদর উপজেলার শেখহাটী গ্রামের দরিদ্র পরিবারের সন্তান রিয়াজের ভর্তির খরচসহ পড়াশোনার দায়িত্ব নিয়েছেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা।

বুধবার দুপুরে জেলা প্রশাসক আনজুমান আরা ভর্তি খরচ বাবদ ১১ হাজার টাকা তুলে দেন রিয়াজ হোসেনের হাতে।

জানা গেছে, রিয়াজের বাবা ইউনুস আলী মোল্যা দিনমজুর। তিন ভাইবোনের মধ্যে বড় রিয়াজ। রিয়াজের চাচা হাবিবুর রহমান বলেন, ‘এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলেও অর্থের অভাবে রিয়াজের ভর্তি হওয়া অনিশ্চিত ছিল। পরে নড়াইলের জেলা প্রশাসকের সঙ্গে দেখা করে তার অসুবিধার কথা জানালে ভর্তিসহ পড়াশোনার দায়িত্ব গ্রহণ করেন তিনি।’

নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, ‘অর্থের অভাবে অদম্য মেধাবী এই ছাত্রের উচ্চশিক্ষা বন্ধ হয়ে যাবে সেটা কখনোই কাম্য নয়। তার ভর্তির জন্য প্রথম ধাপে কিছু টাকা দেওয়া হয়েছে। রিয়াজের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে পাশে থাকব।’