রাজধানীতে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল বুধবার বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বাংলামোটর ও মগবাজার এলাকায় এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ডিএনসিসির অঞ্চল-৩-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান অভিযানে নেতৃত্ব দেন।
ডিএনসিসি জানায়, বাংলামোটর মোড় থেকে মগবাজার ডাক্তার গলি এবং মগবাজার মোড় থেকে মগবাজার রেলক্রসিং পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন সড়কে অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক টং দোকান, অস্থায়ী স্থাপনা ও বিভিন্ন শেড উচ্ছেদ করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এছাড়া ফুটপাত ও সড়ক দখল করার অভিযোগে দুই গাড়ি মেরামতকারী প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।