সংসদে রাঙ্গার নিঃশর্ত ক্ষমা প্রার্থনা

স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেনকে নিয়ে কটূক্তি করার কারণে সংসদে নিঃশর্ত ক্ষমা চাইলেন জাতীয় পার্টির মহাসচিব ও সংসদের বিরোধী দলের চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা।
গতকাল বুধবার সংসদ অধিবেশনে ২৭৪ বিধিতে ব্যক্তিগত কৈফিয়ত দিতে গিয়ে তিনি ক্ষমা প্রার্থনা করেন।
রাঙ্গা তার বক্তব্যে বলেন, আমি কাউকে কটাক্ষ করে কোনো বক্তব্য দেইনি। নূর হোসেনকে কটাক্ষ করে আমি কিছু বলিনি।

তারপরও ভুলত্রুটি থাকলে আমাকে নিঃশর্ত ক্ষমা করে দেবেন। সব দোষ আমার ঘাড়ে আমি নিচ্ছি। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।
তিনি বলেন, ১০ নভেম্বর অভ্যন্তরীণভাবে গণতন্ত্র দিবস পালন করেছে জাতীয় পার্টি। নূর হোসেন দিবসও একই দিনে ছিল। অনুষ্ঠানে যোগ দিতে পুরান ঢাকার নেতাকর্মীরা এসেছিলেন। আসার পথে তারা নূর হোসেন চত্বরে শুনতে পান এরশাদকে গালি দিচ্ছে। এরশাদের দুই গালে জুতা মার তালে তালেÑ এ ধরনের  কথাবার্তা শোনার পর  আমাদের অফিসে এসে বলে। আমি  নেতাকর্মীদের শান্ত থাকতে বলি।
জাপার মহাসচিব আরও বলেন, ২০১৪ সালে আমি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছি। ওই ঘটনার পর থেকে অনেক সিনিয়র অনেক কথা বলেছেন। আমি মনে করি তারা আমাকে শাসন করেছেন। আমি ভুল করেছি একটা। ভুল করার জন্য নূর হোসেনের পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করেছি এবং বিবৃতিও দিয়েছি।
বঙ্গবন্ধুকে নিয়ে কোনো আপত্তিকর মন্তব্য করেননি দাবি করে রাঙ্গা বলেন, আমি প্রতিমন্ত্রী থাকতে এই সংসদে অনেক কথা বলেছি। এই সংসদে দাঁড়িয়ে অজস্রবার জয়বাংলা জয়বঙ্গবন্ধু বলেছি। জাতির পিতা নিয়ে কোনো রকম ভুল কিছু বলে থাকলে সেজন্য আমি নিঃশর্ত ক্ষমা চাইছি।
তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমার দল ক্ষমতায় এলেও আমি মন্ত্রী হতে পারতাম না। প্রধানমন্ত্রী আমাকে মন্ত্রী করেছেন, অনেক স্নেহ করেন। অনেক ভালোবাসতেন। আমি মনে করি তার (প্রধানমন্ত্রী) সঙ্গে আমার সেই সম্পর্কটা থাকবে এবং ছিল বলেই তিনি আমাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। আমি এখানে কাউকে কটাক্ষ করে কিছু বলতে চাই না। সব দোষ আমার ঘাড়ে নিচ্ছি। আমার হয়তো বলতে ভুলত্রুটি হতে পারে। তারপরও আমি মনে করি নূর হোসেন মৃত্যুবরণ করেছেন। আমরা গুলি করে, এরশাদ সাহেব গুলি করে মারুক বা না মারুক। এটা সত্য তিনি (নূর হোসেন) মৃত্যুবরণ করেছেন। তার মায়ের কাছে ক্ষমা চেয়ে পত্র দিয়েছি। আমি মনে করি এখানে যারা সংসদ সদস্য, মন্ত্রী, চিফ হুইপ, সরকারি দলের চিফ হুইপ, আমরা যেহেতু একসঙ্গে অ্যালায়েন্স করে নির্বাচন করেছি, আমার যদি কোনো ভুলত্রুটি হয়ে থাকে, তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে আমাকে ক্ষমা করে দেবেন।