ব্রাজিলের ব্রিকস সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাদা করে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় শির সঙ্গে কথা হয় মোদির।
মোদি শিকে বলেন, ‘আপনার সঙ্গে ফের দেখা হওয়ায় আমি খুশি। আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। দুই অচেনা ব্যক্তি এখন ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হয়েছে। অনেক বার বিভিন্ন মঞ্চে এবং দ্বিপাক্ষিক বৈঠকে আমাদের সাক্ষাৎ হয়েছে। আপনি আমার দেশ ঘুরে গেছেন। আপনার দেশে আমাকে নিয়েছেন। আমাকে অভ্যর্থনা জানাতে উহান পর্যন্ত গিয়েছিলেন। গত ৫ বছরে আমাদের এই সম্পর্কে বিশ্বাস ও বন্ধুত্বের গভীরতা অনেকটা বেড়েছে।’
অন্য বৈঠকের পর পুতিন মোদিকে রাশিয়া সফরের আমন্ত্রণ জানান। পুতিনের আমন্ত্রণ গ্রহণ করেন মোদি।
সামনের ৯ মে রাশিয়ার বিজয় দিবস বা জাতীয় দিবস। রাশিয়ার এই ‘সাধারণতন্ত্র দিবস’ উদ্যাপনের দিনে মোদিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান পুতিন।