পাকিস্তান ক্রিকেটের জন্য সুখবর। এক দশকের বেশি সময় পর টেস্ট ক্রিকেট ফিরছে দেশটির মাটিতে। ডিসেম্বরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল।
বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে। দুটি টেস্ট ম্যাচই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসিও এক টুইটার বার্তায় টেস্ট খেলার জন্য শ্রীলঙ্কা দলের পাকিস্তান সফরের খবর নিশ্চিত করেছে।
রাওয়ালপিন্ডিতে পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ১১ ডিসেম্বর শুরু হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ১৯ ডিসেম্বর।
গত মাসে পাকিস্তান সফরে গিয়ে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে আসে শ্রীলঙ্কা। ওই সময়েই দুটি টেস্ট সিরিজ খেলার কথা ছিল তাদের। শেষ পর্যন্ত তা আর হয়নি। তবে শ্রীলঙ্কা দল প্রতিশ্রুতি দিয়ে এসেছিল, টেস্ট খেলতে ফের পাকিস্তান সফরে আসবে তারা।
উল্লেখ্য, ২০০৯ সালে সফরকারী শ্রীলঙ্কার ওপর সন্ত্রাসী হামলার পর দশ বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক প্রকার নির্বাসনে পাকিস্তান। অনেক চেষ্টায় টি-টোয়েন্টি ও ওয়ানডে ক্রিকেট ফিরলেও দেশটিতে ফেরেনি ক্রিকেটের রাজকীয় ফরম্যাট টেস্ট।