দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু প্রতিবন্ধীদের কোটা নির্ধারণ করেছেন বলে জানিয়েছেন উপাচার্য মুহা. আবুল কাশেম। তিনি বলেছেন, ‘এবার থেকে হাবিপ্রবিতে ভর্তি-ইচ্ছুক প্রতিবন্ধীদের জন্য কোটা নির্ধারণ করা হবে। বাংলাদেশে পুরুষের চেয়ে নারীরা অনেক বেশি কাজ করেন। কিন্তু তাদের মূল্যায়ন সঠিকভাবে করা হয় না। উল্টো তারাই বিভিন্নভাবে নির্যাতিত হন আমাদের সমাজে। আমরা মনে করি স্বামী-স্ত্রীর মধ্যে সমঝোতা থাকলে অনেকাংশে পারিবারিক নির্যাতন প্রতিরোধ করা সম্ভব।’
গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়াম-২-এ ‘মর্যাদায় গড়ি সমতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাবিপ্রবি দিনাজপুর ও সেন্টার ফর ডিজ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।
হাবিপ্রবির আইকিউএসির প্রফেসর বিকাশ চন্দ্র সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হাবিপ্রবির ট্রেজারার প্রফেসর বিধান চন্দ্র হালদার, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ফজলুল হক, সিডিডির নির্বাহী পরিচালক এ এইচ এম নোমানসহ প্রমুখ।
অনুষ্ঠান শেষে সিডিডির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহা. আবুল কাশেম ৩০ জন প্রতিবন্ধী শিশুকিশোরসহ বিভিন্ন বয়সের মানুষের মধ্যে হুইলচেয়ার ও অন্যান্য সহায়ক সামগ্রী বিতরণ করেন।