জনমত উপেক্ষিত ও জনবিচ্ছিন্ন উপজেলা চত্বরে পাঁচবিবি উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্স প্রকল্প নির্মাণ বাতিল করে জনবান্ধব ও জনগুরুত্বপূর্ণ স্থান পুনর্নির্ধারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জয়পুরহাটের পাঁচবিবি নাগরিক কমিটি। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী জয়পুরহাট-পাঁচবিবি সড়কের বটতলী এলাকায় এ মানববন্ধন হয়।
পাঁচবিবি নাগরিক কমিটির আহ্বায়ক মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল কাদের ব্যাপারী, পাঁচবিবি মহিলা কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য মামুনুর রশীদ, বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লবসহ অন্যরা।