বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাইমুল আবরার রাহাতের (১৫) মৃত্যুকে ‘অবহেলাজনিত হত্যা’ দাবি করে তার পরিবারের জন্য ১০ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ওবায়েদ আহমেদ নামে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক ছাত্রের পক্ষে আইনজীবী মো. ফয়েজ উল্লাহ ফয়েজ গতকাল বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন।
রিটকারীর আইনজীবী জানান, গত ৩ অক্টোবর এ বিষয়ে পাঠানো আইনি
নোটিসের জবাব না পেয়ে রিট আবেদন করা হয়েছে। কার্যতালিকায় এলে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে।
গত ১ অক্টোবর বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে রেসিডেনসিয়াল স্কুল ক্যাম্পাসে ‘কিশোর আলোর’ একটি অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয় নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরার। এরপর বেসরকারি একটি হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। এ ঘটনায় আয়োজকদের ‘অব্যবস্থাপনা’কে দায়ী করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বলছে, সংশ্লিষ্টদের অবহেলার কারণেই আবরারের মৃত্যু হয়েছে।
আইনজীবী ফয়েজ আরও জানান, রিটে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সচিব; শিক্ষা সচিব; ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) ব্যবস্থাপনা পরিচালক, প্রথম আলোর সম্পাদক ও প্রকাশকসহ আটজনকে বিবাদী করা হয়েছে।
তিনি জানান, আবেদনে নিরাপদ বিদ্যুৎ সংযোগ স্থাপনে সংশ্লিষ্টদের ব্যর্থতা ও নিষ্ক্রিয়তায় কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না এবং অনুষ্ঠান আয়োজকদের পক্ষ থেকে আবরারের পরিবারকে ক্ষতিপূরণ না দেওয়াকে কেন আইনগত কর্র্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এ মর্মে রুল চাওয়া হয়েছে।