প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু রবিবার

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে আগামী রবিবার থেকে। শেষ হবে ২৪ নভেম্বর। এবার মোট ২৯ লাখ ৩ হাজার ৬৩৮ কোমলমতি পরীক্ষায় বসছে। গত বছর ছিল ৩০ লাখ ৯৬ হাজার ২৭০ জন। এ হিসাবে এবার ১ লাখ ৯২ হাজার ৬৩২ পরীক্ষার্থী কমেছে।

গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন

এসব তথ্য জানান। তিনি জানান, এ বছর প্রাথমিকে ২৫ লাখ ৫৩ হাজার ২৬৭ জন ও ইবতেদায়ীতে ৩ লাখ ৫০ হাজার ৩৭১ ছাত্রছাত্রী অংশ নেবে। ছয়টি বিষয়ের প্রতিটিতে ১০০ নম্বরের পরীক্ষা হবে। সারা দেশের ৭ হাজার ৪৭০টি এবং বাইরে আটটি দেশে ১২টি কেন্দ্রে (৬১৫ জন) পরীক্ষা নেওয়া হবে। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা হবে। তবে বিশেষ চাহিদাসম্পন্নরা অতিরিক্ত ৩০ মিনিট পাবে।

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিকে ছাত্র ১১ লাখ ৮১ হাজার ৩০০ ও ছাত্রী ১৩ লাখ ৭১ হাজার ৯৬৭ জন। গতবারের তুলনায় এবার ২ লাখ ২৩ হাজার ৬১৫ জন কমেছে। ইবতেদায়ীতে ১ লাখ ৮৭ হাজার ৮২ ছাত্র ও ১ লাখ ৬৩ হাজার ২৮৯ ছাত্রী অংশ নিচ্ছে। এ পরীক্ষায় গতবারের তুলনায় ৩০ হাজার ৯৮৩ পরীক্ষার্থী বেড়েছে। প্রাথমিকে ৩ হাজার ৩৪৭ জন ও ইবতেদায়ীতে ২৩৬ জন বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থী অংশ নেবে। এবার ছাত্রের চেয়ে ১ লাখ ৬৬ হাজার ৮৭৪ ছাত্রী বেশি, যা আশাব্যঞ্জক বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সমাপনী পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছতার সঙ্গে সম্পন্নে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ ব্যবস্থা ও নিরাপত্তার সঙ্গে প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ ও বিতরণকাজ শেষ হয়েছে। প্রশ্নপত্র ফাঁসরোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় জেলা বা উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে। দুর্গম এলাকার ১৮৪টি কেন্দ্রে বিশেষ ব্যবস্থায় প্রশ্নপত্র পাঠানো হয়েছে। পরীক্ষার দায়িত্ব পালনে ন্যূনতম অবহেলা বা অনিয়মের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

পরীক্ষার সূচি : প্রাথমিক সমাপনীতে ১৭ নভেম্বর ইংরেজি, ১৮ নভেম্বর বাংলা, ১৯ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২০ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২১ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ২৪ নভেম্বর গণিত পরীক্ষা হবে। আর ইবতেদায়ীতে ১৭ নভেম্বর ইংরেজি, ১৮ নভেম্বর বাংলা, ১৯ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান, ২০ নভেম্বর আরবি, ২১ নভেম্বর কুরআন মজিদ ও তাজবিদ এবং ২৪ নভেম্বর গণিত বিষয়ে পরীক্ষা হবে।