সড়কে প্রাণ গেল বাবা মেয়েসহ ৭ জনের

গাজীপুরের কাপাসিয়ায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। মাগুরার শ্রীপুরে মাইক্রোবাসের ধাক্কায় নিহত হয়েছেন বৃদ্ধা। চট্টগ্রামের সীতাকুণ্ডু ও ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন দুই ভ্যানচালক। রাজধানীর কালশীতে ট্রাকের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। এ ছাড়া মাগুরার মহম্মদপুর ও মৌলভীবাজারের কমলগঞ্জসহ এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২২ জন। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিরুজুলি দীঘিরপাড় এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়ে ও এক উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত এবং অপর দুজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে কাপাসিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেলে টোক ইউনিয়নের আড়ালিয়া গ্রামের সোহেল তার তিন মেয়ে ও স্ত্রীকে নিয়ে টোক বাজার থেকে সিএনজিচালিত 

অটোরিকশাযোগে কাপাসিয়া সদরের দিকে আসছিলেন। অটোরিকশাটি সালনা-কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কের উজুলী দীঘিরপাড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে কিশোরগঞ্জগামী জলসিঁড়ি পরিবহনের বেপরোয়া গতির বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।

নিহতরা হলোÑ আড়ালিয়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে সোহেল (৫০), তার মেজো মেয়ে রুমা (৫) ও কাপাসিয়া উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মাজহারুল ইসলাম (৩০)। আহতরা হলো সোহেলের স্ত্রী নাজমা (৪৫) ও বড় মেয়ে সুমা (২০)। গুরুতর অবস্থায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাদেরকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

মাগুরার শ্রীপুর উপজেলার রায়নগর গ্রামে গতকাল বৃহস্পতিবার মাইক্রোবাসের ধাক্কায় আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আমেনা একই উপজেলার মহেশপুর গ্রামের তাছের আলী মোল্লার স্ত্রী। শ্রীপুর থানার ওসি মাহাবুবুর রহমান জানান, শ্রীপুরের রায়নগর গ্রামে জামাই বাড়ি বেড়াতে এসে সকালে নাকোল-ওয়াপদাহ সড়কে হাঁটতে বের হলে দ্রুতগামী মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়।

অপরদিকে, মাগুরার মহম্মদপুরে বাস উল্টে খাদে পড়ে ২০ যাত্রী আহত হয়েছে। গত বুধবার রাত ৮টার দিকে উপজেলার শ্যামনগর কুড়াদোয়া ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে কাভার্ড ভ্যানের চালক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের আরআর জুট মিলের গেটে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম মোহাম্মদ হানিফ (৩০)। তিনি খুলনা জেলার হামারুল তেরখাদা এলাকার মোহাম্মদ নুরুল শিকদারের ছেলে।

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মদনডাঙ্গা এলাকায় ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাইনুল ইসলাম (৪৪) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাইনুল ইসলাম ইবি থানার শাহপুর গ্রামের নেফাজ উদ্দীনের ছেলে।

মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গত বুধবার সন্ধ্যায় নারীসহ ১০ জন আহত হয়েছে। কমলগঞ্জের ভানুগাছ-মাধবপুর সড়কের বাঘবাড়ি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।