জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ ও শেষ রাউন্ডের ম্যাচে দ্বিতীয় স্তরের ম্যাচে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে অসাধারণ বোলিং নৈপুণ্য দেখিয়ে হইচই ফেলে দিয়েছেন সিলেটের রুয়েল মিয়া। আটটি উইকেট নিয়েছেন ১৮ বছর বয়সী এই পেসার।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে শনিবার রুয়েলের অবিশ্বাস্য পারফরম্যান্সের সামনে দাঁড়াতেই পারেনি চট্টগ্রামের ব্যাটসম্যানরা। মাত্র ১০৬ রানে গুঁড়িয়ে যায় দলটি। তাসামুল হক (২১), অধিনায়ক ইরফান শুক্কুর (২১), সাজ্জাদুল হক (১৪) ও শাখাওয়াত হোসেন (১১) ছাড়া কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি।
১৪.১ ওভার বোলিং করে চার মেডেনসহ ২৬ রানের বিনিময়ে ৮ উইকেট নেন রুয়েল মিয়া। গত ৭ বছরের ইতিহাসে প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশী কোনো পেসারের এটাই সেরা বোলিং ফিগার।