গাইবান্ধায় ৫ পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা

বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরের গোলাপবাগ কাঁচাবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ ব্যবসায়ীকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামকৃষ্ণ বর্মন এই জরিমানা করেন। জরিমানাপ্রাপ্তরা হলেন মুকুল মিয়া (৪২), আইনুল ইসলাম (২৭), জহুরুল ইমলাম (৪৬), মো. জব্বার মিয়া (৪৫) ও আবু বক্কর সিদ্দিক (৩৯)। তাদের বাড়ি গোবিন্দগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায়।

ইউএনও রামকৃষ্ণ বর্মন বলেন, মুকুল মিয়া ও আইনুল ইসলাম পেঁয়াজ কেনার রসিদ না দেখাতে পারায় ও মূল্য তালিকা টাঙিয়ে না রাখায় ভোক্তা অধিকার আইনে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া অন্যরা ১৮০ থেকে ১৯০ টাকা দামে পেঁয়াজ কিনে ২৩০ থেকে ২৪০ দামে বিক্রি করায় প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে।