ব্রাজিল কোচকে মেসি বললেন ‘চুপ থাকো’ (ভিডিও)

তিন মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফিরেই গোল পেয়েছেন লিওনেল মেসি। সেটিও আবার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে। শুক্রবার রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মেসির করা একমাত্র গোলেই ১-০ গোলে জয় তুলে নেয় আর্জেন্টিনা।

তবে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ম্যাচটিতে বিতর্কেও জড়িয়েছেন মেসি। ম্যাচ চলাকালেই আর্জেন্টাইন তারকা ব্রাজিল কোচ তিতের সঙ্গে জড়িয়ে পড়েন কথার লড়াইয়ে। হাত দিয়ে ইশারায় তিতেকে চুপ থাকার হুঁশিয়ারি দেন। যে ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

কিন্তু কেন এমন করলেন মেসি? আর্জেন্টাইন জাদুকর কি সত্যিই তিতেকে ওই ইঙ্গিত করেছিলেন? ম্যাচ শেষে ঘটনাটা নিয়ে মুখে খুলেছেন তিতে নিজেই।

ম্যাচ শেষে ব্রাজিল কোচ সাংবাদিকদের বলেন, ‘ওই সময় আমার মনে হয়েছিল মেসির হলুদ কার্ড পাওয়া উচিত। তাই এটা নিয়েই আমি অভিযোগ করি। তখন ও আমাকে বলে আমি যেন নিজের মুখ বন্ধ করে রাখি। আমিও বলেছি তুমি চুপ থাক। ঠিক এটাই হয়েছিল।’

নিষেধাজ্ঞার কারণে দেশের হয়ে চার ম্যাচ খেলতে পারেননি মেসি। ব্রাজিলের বিপক্ষে ফেরার ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স ছিল বার্সেলোনা ফরোয়ার্ডের। ম্যাচের ১৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন তিনি। ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন বেকার প্রথম দফায় রুখে দিলেও হাত থেকে বেরিয়ে যাওয়া বল জালে জড়িয়ে দেন মেসি।