উন্মোচিত হলো বঙ্গবন্ধু বিপিএলের লোগো

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের বিপিএলকে ভিন্ন আঙ্গিকে আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক নয়, পুরো আসর হবে বিসিবির নিজস্ব তত্ত্বাবধানে।

১১ ডিসেম্বর শুরু হবে বিপিএলের এবারের আসর। উদ্বোধনী অনুষ্ঠান হবে ৮ ডিসেম্বর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিপিএল উদ্বোধন করার কথা রয়েছে। ‘মুজিববর্ষ’ উপলক্ষে ক্রীড়া আয়োজনগুলোর সূচনা হচ্ছে এবারের বিপিএল দিয়েই।

তার আগে রবিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার ড্রাফট। যেখানে ১৮১ জন বাংলাদেশি খেলোয়াড়ের সঙ্গে থাকবে ৪৩৯ জন বিদেশি খেলোয়াড়। অর্থাৎ ড্রাফটে ৬২০ জনের নাম থাকছে। যেখান থেকে খেলোয়াড় বেছে নেবে আসরে অংশ নিতে যাওয়া ৭টি দল।

এদিকে শনিবার সন্ধ্যায় উন্মোচন করা হয়েছে বঙ্গবন্ধু বিপিএলের লোগো। এদিন রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে বিপিএলের লোগো উন্মোচিত করা হয়।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও বিসিবির অন্যান্য পরিচালকরা উপস্থিত ছিলেন এদিনের লোগো উন্মোচন অনুষ্ঠানে।