পার্বতীপুর সরকারি কলেজে গতকাল শনিবার দিনব্যাপী নবান্ন উৎসব হয়েছে। বেলা ১১টায় উৎসবের উদ্বোধন করেন সাংসদ মোস্তাফিজুর রহমান ফিজার। এ উপলক্ষে সমাবেশে তার পরিচালনায় উপস্থিত সহস্রাধিক ছাত্র-ছাত্রী হাত উঁচিয়ে মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং এবং সাম্প্রদায়িকতা প্রতিরোধে শপথ নেয়।
সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রসুল। বক্তব্য দেন পার্বতীপুর ইউএনও শাহনাজ মিথুন মুন্নী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন, সাবেক অধ্যক্ষ নুরুল আমিন সরকার, অধ্যাপক আনোয়ারুল কবির বাদল প্রমুখ।
এর আগে প্রধান অতিথি ২ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে কলেজের নবনির্মিত চারতলা আইসিটি ভবন উদ্বোধন করেন। উৎসব উপলক্ষে তৈরি করা হয় নতুন চালের পায়েসসহ নানা পদের খাবার। মঞ্চে চলে নবান্নের গান ও নৃত্য।