ধারাবাহিকে না অহনার

জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। আজ থেকে বৈশাখী টিভিতে প্রচার শুরু হচ্ছে তার নতুন একটি ধারাবাহিক নাটক। নাম ‘বউ শাশুড়ি’। টিপু আলমের গল্পে এটি নির্মাণ করেছেন আকাশ রঞ্জন। শাশুড়ির চরিত্রে এই ধারাবাহিকে দেখা যাবে অভিনেত্রী মনিরা মিঠুকে। আর তার স্বামীর চরিত্রে রয়েছেন অবাক রায়হান। পারিবারিক গল্পে ধারাবাহিকটি নির্মাণ হয়েছে বলে জানান নির্মাতা। অহনা বলেন, ‘আমাদের সমাজে পরিবারের বউ-শাশুড়ির সম্পর্ক কখনো ঝাল কখনো মিষ্টি। বউ-শাশুড়ির এই গল্প নাটকে নির্মাতা তুলে ধরেছেন।’

এই অভিনেত্রীকে এখন ধারাবাহিকেই বেশি দেখা যায়। বিশেষ করে গ্রামের ধারাবাহিক নাটকে তার আলাদা জনপ্রিয়তা রয়েছে। তবে ধারাবাহিক নিয়ে অহনা এরই মধ্যে একটি সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান। সেটি কী? তিনি বলেন, ‘ধারাবাহিক নাটক আর করব না। ধারাবাহিকে গেল কয়েক বছর টানা অভিনয় করে আসছি। এবার বিরতি নেব। প্রচার চলতি যে কয়টি ধারাবাহিক আছে এগুলোর শ্যুটিং শেষ করব। এরপর নতুন ধারাবাহিকে আমাকে আর দেখা যাবে না।’ কিন্তু কেন? এই প্রশ্নের উত্তরে অহনা বলেন, ‘আমাদের ধারাবাহিক নাটকে এখন বৈচিত্র্য নেই। একই ধরনের গল্পে বারবার অভিনয় করতে হচ্ছে। একঘেয়েমি লাগে এসব নাটকে অভিনয় করতে। এতদিন আমাকে অনেকটা অনুরোধে এসব কাজ করতে হয়েছে। আগামী মাসের মধ্যে প্রচার চলতি ধারাবাহিকগুলোর শ্যুটিং শেষ করব।’

ধারাবাহিক ছেড়ে কোন দিকে হাঁটতে যাচ্ছেন জানতে চাইলে অহনা বলেন, ‘খ- নাটক ও ওয়েব সিরিজের দিকে মনোযোগী হব। আমার এখনো ওয়েব সিরিজে কাজ করা হয়নি। ওয়েব সিরিজে নিয়মিত কাজ করতে চাই। ধারাবাহিক নাটকে নিয়মিত থাকার কারণে খ- নাটকে কাজ করার সময় পেতাম কম। আমাদের এখন গল্পনির্ভর খ- নাটক বেশি নির্মাণ হচ্ছে। এসব নাটকে দর্শকের মনে দাগ কাটার মতো চরিত্রও পাওয়া যায়। তাই খ- নাটকে কাজ করব।’

অহনা এখন অভিনয় করছেন ‘রসের হাঁড়ি’, ‘ছায়াবিবি’, ‘লাকি থার্টিন’ ও ‘কমেডি-৪২০’সহ কয়েকটি ধারাবাহিকে।

টিভি নাটকের ভবিষ্যৎ নিয়ে অনেকে শঙ্কিত। তবে অহনা বেশ আশাবাদী। তার কথায়, ‘নাটকের ভবিষ্যৎ ভালো। এখন প্রচুর নাটক নির্মাণ হচ্ছে। তবে আমাদের সমস্যা হলো বাজেট সংকট। পর্যাপ্ত বাজেট না থাকার কারণে ভালো নাটক নির্মাণে অসুবিধা হয়। আমাদের সব কিছুর দাম বাড়ছে। অথচ এই টিভি নাটকের বাজেট কমে গেল। শিল্পী হিসেবে এটি আমার জন্য কষ্টের একটি বিষয়।’

ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও দেখা গেছে এই অভিনেত্রীকে। সর্বশেষ তিনি সাইমনের বিপরীতে ‘চোখের দেখা’ শিরোনামের একটি চলচ্চিত্রে অভিনয় করেন। কিন্তু এখন বড় পর্দায় নেই তার কোনো ব্যস্ততা। চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি আগ্রহী নন বলেও জানান। এখন অভিনয়ের ক্ষেত্রে ছোট পর্দাতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন অহনা।