উইন্ডিজকে হারিয়ে সিরিজে সমতা আফগানিস্তানের

তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি হারার পর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে পিছিয়ে পড়েছিল আফগানিস্তান। কিন্তু দ্বিতীয় ম্যাচে দারুণ জয়ে ঘুরে দাঁড়াল দলটি।

ভারতের লক্ষ্ণৌর অটল বিহারি বাজপেয়ী স্টেডিয়ামে শনিবার রাতে উইন্ডিজকে ৪১ রানে হারায় আফগানিস্তান। এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এখন ১-১ সমতা বিরাজ করছে। সিরিজের তৃতীয় ম্যাচটি এখন অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে।

টস জিতে প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটে ১৪৭ রান করে আফগানিস্তান। ২৬ রান করে করেন হযরতউল্লাহ জাজাই ও করিম জানাত। ২০ রান করেন নাজিবুল্লাহ জাদরান।

উইন্ডিজ বোলারদের মধ্যে পেসার কেসরিক উইলিয়ামস তিনটি উইকেট নেন। দুটি করে উইকেট নেন জেসন হোল্ডার ও কেমো পল।

জবাবে আফগান পেসারের করিম জানাতের অসাধারণ বোলিংয়ের সামনে ৮ উইকেটে ১০৬ রান করতে পারে ওয়েস্ট ইন্ডিজ। দিনেশ রামদিন ২৪ রানে অপরাজিত থাকেন। ১১ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হন করিম জানাত।

একই ভেন্যুতে রোববার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।