বিস্ফোরণে উড়ে যায় ভবনের নিচতলার দেয়াল

সপ্তাহের প্রথম কর্মদিবসের দিন সকালে অফিস ও স্কুলগামী লোকজনের ভিড় সড়কটিতে। বিকট বিস্ফোরণের শব্দে স্তম্ভিত সবাই। শুরু হয় আহতদের আর্তনাদ। তাদের উদ্ধারে ছুটে আসে লোকজন।

চট্টগ্রামের পাথরঘাটায় সড়কের পাশের একটি ভবনে গ্যাস লাইন বিস্ফোরণের মুহূর্তটি ছিল এমন। রবিবার সকাল ৯টার দিকে পাথরঘাটার ব্রিক ফিল্ড সড়ক এলাকার পাঁচতলা ওই ভবনে এ দুর্ঘটনা ঘটে।

ভয়াবহ এই বিস্ফোরণে নিহত হন নারী ও শিশুসহ কমপক্ষে সাতজন। আহত হয়েছেন আরও আটজন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিস্ফোরণের পর দেশ রূপান্তরের স্টাফ রিপোর্টার সুবল বড়ুয়া ঘটনাস্থলে গিয়ে দেখেন, ওই ভবনের নিচ তলা রীতিমতো বিধ্বস্ত। দেয়ালের ইটগুলো স্প্লিন্টারের মতো ছিটকে গিয়ে সড়কে পড়েছে। ধসে পড়েছে পাশের ভবনের একটি দেয়ালও।

উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। পুলিশ সদস্যরা তাদের সহযোগিতা করছেন। সেখানে উপস্থিত রয়েছেন পুলিশসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণের ফলে ভবনের দেয়াল স্প্লিন্টারের মতো ছড়িয়ে-ছিটিয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে অফিস এবং স্কুল শুরুর সময় হওয়ায় সড়কে ভিড় ছিল। বিস্ফোরণে ভবনের দেয়াল সড়কে ছড়িয়ে-ছিটিয়ে পড়ায় পথচারীরাও হতাহত হন।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভবনের নিচে থাকা গ্যাস সংযোগ লাইনে বিস্ফোরণ হয়েছে। এতে ভবনের দেয়াল ধসে গেছে।

ভবনের বাসিন্দা ছাড়াও হতাহতদের মধ্যে পথচারীরাও থাকতে পারেন বলে আশঙ্কা করছেন তিনি।