সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা ও সলঙ্গা থানার সলঙ্গা হাটের বেশকিছু জমি অবৈধভাবে স্থানীয় প্রভাবশালীরা দখল করে স্থাপনা নির্মাণ করেছেন বলে অভিযোগ উঠেছে।
এতে হাট সংকুচিত হয়ে পড়ায় হাটের ব্যবসায়ীরা নানা সমস্যায় পড়েছেন। ফলে এ হাটের জমি রক্ষার দাবিতে শনিবার বেলা ১১টার দিকে ভুষাল হাটায়ব্যাপী স্থানীয় ব্যবসায়ীরা আধাঘণ্টা মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এ মানববন্ধন চলাকালে সলঙ্গা হাট ইজারাদার জাহাঙ্গীর আলম লাবু তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন আব্দুর রশিদ খান, আইয়ুব আলী, ফারুক আহমেদ, ইয়াসিন আলী, হায়দার আলী প্রমুখ।
বক্তারা বলেন, সলঙ্গা বাজারের ৩৩.৩৩ একর পেরিফেরি জমির উপর এ হাট অবস্থিত। এর মধ্যে প্রায় অর্ধেকের বেশি জায়গা প্রতারণার মাধ্যমে প্রভাবশালীরা দখল করে নিয়ে পাকা স্থাপনা নির্মাণ করেছেন। ফলে হাটটি ক্রমশ সংকুচিত হয়ে পড়ায় ব্যবসায়ীরা নানা সমস্যায় পড়েছেন।
এ হাটের জমি উদ্ধারে তারা সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বক্তব্য রাখেন।
বক্তারা আরো বলেন, গোরকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিন্নার রহমান সরকার, সামশুল ইসলাম মাস্টার, ইকবাল হোসেন মণ্ডল, আলাউদ্দিন সরকার ও জিয়াদুল হক এ জায়গাগুলো দখল করে রেখেছেন। তারা এলাকায় ভূমিদস্যু হিসেবে পরিচিত।
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীমুর রহমান বলেন, সলঙ্গা হাটের দখল হয়ে যাওয়া কিছু জমি ইতোমধ্যেই চিহ্নিত করা হয়েছে। এগুলোর যাচাই-বাছাই চলছে।
এ যাচাই-বাছাই শেষ হলেই আগামী সপ্তাহের মধ্যেই উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।