জমি লিখে না দেওয়ায় মাকে পিটানোর অভিযোগে ছেলে গ্রেপ্তার

নিজের নামে জমি লিখে না দেওয়ায়  সোনারগাঁয়ে মাকে পিটিয়ে আহত করার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ছেলে ইমাম হোসেনকে।

মায়ের করা অভিযোগের প্রেক্ষিতে রবিবার সকালে ওই ছেলেকে গ্রেপ্তার করা হয়। ছেলে ইমাম হোসেন আড়াইহাজার উপজেলার কুটিবাড়ি জামে মসজিদের ইমাম।

তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহসানউল্লাহ জানান, উপজেলার জামপুরে ফাতেমা বেগমের ছোট ছেলে ইমাম হোসেন তার নামে জমি লিখে দেওয়ার জন্য মাকে দীর্ঘদিন যাবৎ চাপ প্রয়োগ করে আসছিল। এটি নিয়ে মায়ের সাথে ছেলে ইমাম হোসেনের পারিবারিক দ্বন্দ্ব চলছিল।

শনিবার ছেলে ইমাম আবারও তার মাকে জমি লিখে দেওয়ার জন্য চাপ দিলে মা দিতে অস্বীকৃতি জানায়। এতে ছেলে ইমাম ক্ষিপ্ত হয়ে মাকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা আহত ফাতেমা বেগমকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

এই ঘটনায় ফতেমা বেগম বাদী হয়ে তালতলা পুলিশ ফাঁড়িতে ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে রবিবার সকালে অভিযুক্ত ছেলে ইমাম হোসেনকে সোনারগাঁ উপজেলার পার্শ্ববর্তী আড়াইহাজার উপজেলার ফাউশা গ্রাম থেকে গ্রেপ্তার করে তালতলা ফাঁড়ি পুলিশ।।