বিয়ে করেছেন মার্কিন সুপার মডেল ডিভন উইন্ডসর। শুক্রবার প্রেমিক জনি ডেক্স বারবারা বিয়ের আংটি পরিয়ে দেন ডিভনকে।
রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায়, শুক্রবার নিউইয়র্কের সেন্ট বার্টস চার্চের বাইরে ঝমকালো বিয়ের পোশাকে এই নবদম্পতিকে দেখা যায়।
এদিন পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবের উপস্থিতিতে ডিভন-জনির বিয়ে সম্পন্ন হয়। ২৫ বছরের তরুণী ডিভন বাবার হাত ধরে জরিদার সাদা পোশাকে চার্চে উপস্থিত হন। বর জনি ডেক্সের পরনে ছিল সাদা স্যুট।
২০১৬ সালের মার্চ থেকে এই জুটির প্রেমের সম্পর্ক। ইনস্টাগ্রামে যুগল ছবির মাধ্যমে ভক্তদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন ডিভন-জনি।
একসঙ্গে ঘোরাঘুরির ছবি নিয়মিত ইনস্টাগ্রামে পোস্ট করতেন ডিভন। এমনকি ভিক্টোরিয়াস সিক্রেট ফ্যাশন শো'তেও ডিভনের সঙ্গে দেখা যেত জনিকে।
জনি ডেক্স সম্পর্কে খুব বেশি কিছু জানা না গেলেও ডিভনের সুবাদে তিনি এখন ইনস্টাগ্রাম তারকা। তবে জানা গেছে, তার মা এবং বোনের ফ্যাশন হাউসের ব্যবসা আছে যুক্তরাষ্ট্রে।