সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন সলঙ্গা হাটের জমি রক্ষার দাবিতে স্থানীয় ব্যবসায়ীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
গত শনিবার বেলা ১১টার দিকে হাটের ভুষাল হাটায় আধা ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন চলাকালে ইজারাদার জাহাঙ্গীর আলম লাবু তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন আবদুর রশিদ খান, আইয়ুব আলী, ফারুক আহমেদ, ইয়াসিন আলী, হায়দার আলী প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, সলঙ্গা বাজারের ৩৩ দশমিক ৩৩ একর পেরিফেরি জমির মধ্যে অর্ধেকের বেশি জায়গা গোড়কা ইউপির চেয়ারম্যান জিল্লুর রহমান সরকার, আলাউদ্দিন সরকারসহ প্রভাবশালীরা প্রতারণার মাধ্যমে দখলে নিয়ে পাকা স্থাপনা নির্মাণ করেছেন। ফলে হাটটি ক্রমশ সংকুচিত হয়ে পড়ায় ব্যবসায়ীরা সমস্যায় পড়েছেন। হাটের জমি উদ্ধারে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করে জিল্লুর রহমান সরকারের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। আর অভিযোগ অস্বীকার করে আলাউদ্দিন সরকার বলেন, সরকারি জায়গা দখল করার প্রশ্নই ওঠে না। এগুলো আমাদের কেনা জমি। আমাদের সুনাম ক্ষুণœ করতে একটি মহল এসব অপবাদ দিচ্ছে।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীমুর রহমান বলেন, সলঙ্গা হাটের দখল হয়ে যাওয়া কিছু জমি ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। যাচাই-বাছাই শেষ হলে আগামী সপ্তাহের মধ্যেই উদ্ধার অভিযান চালানো হবে।