ভালুকায় মোটর সাইকেল চুরির সময় আটক ২

ময়মনসিংহের ভালুকা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গ্যাস লাইন এলাকা থেকে গতকাল রবিবার দুপুরে মোটরসাইকেল চুরি করার সময় দুজনকে আটক করেছে এলাকাবাসী। আটক দুজন হলেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সুর্দিরগঞ্জ গ্রামের জামাল উদ্দিনের ছেলে মো. উমি (২৮) ও কটিয়াদী উপজেলার সাইদুর রহমানের ছেলে সাগর (৩২)।

স্থানীয়রা জানান, স্পিড কোম্পানির স্থানীয় ডিলারের অফিসের সামনে দাঁড়ানো কয়েকটি মোটরসাইকেলের মধ্যে একটির তালা ভেঙে সেটি নিয়ে পালানোর সময় উমি ও সাগরকে আটক করে গণপিটুনি দেওয়া হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তালা ভাঙার বিশেষ যন্ত্র। খবর পেয়ে তাদের উদ্ধার করতে এসে এলাকাবাসীর তোপের মুখে পড়ে ভালুকা মডেল থানার পুলিশ।

ভালুকা মডেল থানার এসআই গোলাম মোস্তফা রুবেল বলেন, তাদের চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।