স্ত্রীর লাশ উদ্ধার স্বামী পলাতক

রাজধানীর আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির ১০ নম্বর রোডের একটি বাসা থেকে নাসিমা ওরফে হাসিনা (৩৫) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, হাসিনাকে তার স্বামী শ্বাসরোধে হত্যা করে পালিয়েছে।

এদিন রাজধানীর খিলগাঁও নন্দিপাড়া এলাকার একটি পুকুর থেকে নবজাতকের লাশ উদ্ধার করা হয়। বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্টে মারা যান এক ইলেকট্রিক মিস্ত্রি। মহাখালীর একটি আবাসিক হোটেলে লিফটের দরজায় চাপা পড়ে প্রাণ হারান যুবক। মিরপুরের মডেল একাডেমির পাশের ম্যানহোল থেকে মানসিক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করা হয়। ঠাকুরগাঁওয়ে ছাত্রাবাস থেকে উদ্ধার করা হয়েছে কলেজছাত্রের ঝুলন্ত লাশ।

আদাবর থানার এসআই হাবিবুর রহমান জানান, বাগেরহাট মোরেলগঞ্জ উপজেলার ডাবলো হাওলাদার রানার স্ত্রী হাসিনা। দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। আদাবরের ওই বাসায় তারা থাকতেন। প্রাথমিকভাবে মনে হচ্ছে, পারিবারিক কলহের কারণে ডাবলো তাকে শ্বাসরোধে হত্যা করেছে। তাকে আটকের চেষ্টা চলছে।

খিলগাঁও থানার এসআই সাদিকুল ইসলাম জানান, সকাল ৮টার দিকে পশ্চিম নন্দিপাড়া তিতাস রোডের পাশের পুকুর থেকে এক দিন বয়সী এক ছেলে নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন নেই।

বাড্ডা থানার ওসি রফিকুল ইসলাম জানান, দুপুরে বাড্ডা কবরস্থান রোডের শাহাবুদ্দিন মোড়ে দোতলা একটি বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রানা (৩৪) নামে এক মিস্ত্রি মারা যান। তার বাবার নাম শামছুল মিয়া। থাকতেন হাতিরঝিল এলাকায়।

এদিকে দুপুরে মহাখালীর রসুলবাগ শাহিন ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলের লিফটের দরজায় চাপা পড়ে ওমর ফারুক (৩৫) নামে এক যুবক নিহতের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বলেন, চট্টগ্রামে বিএম এনার্জি লিমিটেড নামে একটি বেসরকারি কোম্পানির জোনাল ম্যানেজার হিসেবে চাকরি করতেন ওমর। তিনি মাগুরার মোহাম্মাদপুর উপজেলার মৌশা গ্রামের সাইদুর রহমানের ছেলে।

মিরপুর মডেল থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, গত ১৩ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন মানসিক প্রতিবন্ধী মো. রনি (১৮)। বিকেল ৪টার দিকে মডেল একাডেমির পাশে আবাসিক এলাকার ম্যানহোলে তার লাশ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। স্বজনরা জানিয়েছেন, রনির মারাত্মক খিঁচুনির রোগ ছিল।

ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান জানান, রবিবার সকালে পৌর শহরের গোবিন্দনগর এলাকার এএন ছাত্রাবাস থেকে মিরাজুল ইসলাম মিরাজ (১৮) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার বাড়ি দিনাজপুর জেলার বাহাদুর বাজার।