সেঞ্চুরিতে হৃদয়ের রেকর্ড, যুবাদের সিরিজ জয়

এক ম্যাচ হাতে রেখেই শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। রবিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ম্যাচে অতিথি দলকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশের যুবারা। ফলে সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকেরা।

টানা দ্বিতীয় সেঞ্চুরিতে এদিন রেকর্ড গড়েছেন তৌহিদ হৃদয়। যুব ওয়ানডেতে এটি তার চতুর্থ সেঞ্চুরি। যা দেশের হয়ে যুব ওয়ানডেতে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড।

এর আগে যুব ওয়ানডেতে তিনটি করে সেঞ্চুরি ছিল এনামুল হক বিজয় ও মাহমুদুল হাসান জয়ের। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে অপরাজিত ৮২ ও ১২৩ রানের ইনিংসের পর এদিনের সেঞ্চুরিতে হৃদয় ছাড়িয়ে গেছেন বিজয় ও মাহমুদুলকে।

টস জিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৬০ রান করে শ্রীলঙ্কা। সর্বোচ্চ অপরাজিত ৪৩ রান করেন গামাগে দিনুশা। বাংলাদেশের পক্ষে তানজিম হাসান সাকিব সর্বাধিক ৩ উইকেট নেন।

জবাব দিতে নেমে শুরুটা ভালো না হলেও হৃদয়ের সেঞ্চুরি ও আকবর আলীর অপরাজিত ফিফটিতে জয় নিশ্চিত হবে বাংলাদেশ। ৯ চার ও ৩ ছক্কায় ১২০ বলে ১১৫ রান করেন আকবর। অধিনায়ক আকবর ৬৬ রানে অপরাজিত ছিলেন।

মঙ্গলবার একই মাঠে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচটি।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯: ২৬০/৭ (৫০ ওভার) (গামেগা ৪৩*, তানজিম ৩/৫৪)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ২৬৫ / ৫ (৪৭.২ ওভার) (হৃদয় ১১৫, আকবর ৬৬*; ডি সিলভা ২/৫৫)

ফল: বাংলাদেশ ৫ উইকেটে জয়ী

ম্যাচসেরা: তৌহিদ হৃদয়।