ইউরোর মূল পর্বে যাওয়ার ম্যাচে রোনালদোর গোল

লুক্সেমবার্গকে ২-০ গোলে হারিয়ে ইউরোর মূল পর্ব নিশ্চিত করেছে পর্তুগাল। এই ম্যাচে জাতীয় দলের হয়ে নিজের ৯৯তম গোল করা রোনালদো ঘোষণা দিয়েছেন, আন্তর্জাতিক ম্যাচের গোলের হিসাবে সবাইকে ছাড়িয়ে যেতে চান।

প্রতিপক্ষের মাঠে রোববার রোনালদোর পাশাপাশি অন্য গোলটি ব্রুনো ফের্নান্দেসের।

আন্তর্জাতিক ম্যাচে একটি দলের হয়ে সবচেয়ে বেশি গোলের মালিক ইরানের কিংবদন্তি ফুটবলার আলি দাইয়ের। তিনি ১০৯টি গোলের মালিক। রোনালদো আর ১০টি করলে তাকে ছুঁয়ে ফেলবেন।

ম্যাচে শেষে পর্তুগাল অধিনায়ক বলেন, ‘সব রেকর্ড অবশ্যই ভাঙতে থাকবে। আর আমিই সেটা ভাঙব।’

গোলের সেঞ্চুরি করতে হলে রোনালদোকে পরবর্তী আন্তর্জাতিক বিরতি পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেটা শুরু হবে মার্চে।

এই জয়ে পর ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা ইউক্রেন। সমান ম্যাচে পর্তুগালের সংগ্রহ ১৭ পয়েন্ট। ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা সার্বিয়া খেলবে প্লে-অফ।

এদিন গোল পেলেও রোনালদো জানিয়েছেন তিনি ফিট ছিলেন না, ‘শতভাগ ফিট এখনো হইনি। কিন্তু যখন ক্লাব এবং জাতীয় দলের ম্যাচ থাকে, তখন নিজেকে ছাড় দিতে হয়। আমি এটা গর্ব নিয়ে করি।’