শেরপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে উকিল মিয়া (২৫) নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছে।

রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে সীমান্ত পিলার ১০৯২ সংলগ্ন জিরো পয়েন্টের মারাংপাড়া ব্রিজে এ ঘটনা ঘটে।

নিহত উকিল মিয়া সিংগাবরুনা ইউনিয়নের মেঘাদল গ্রামের বঙ্গ সুরুজ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেঘাদল গ্রামের বঙ্গ সুরজ মিয়ার ছেলে উকিল মিয়া সংঘবদ্ধ ভারতীয় গরু চোরাকারবারিদের সঙ্গে ভারতে অবৈধভাবে প্রবেশ করে। রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে বিএসএফের সদস্যরা গুলি ছুড়লে উকিল মিয়ার বুকে গুলিবিদ্ধ হয়। পরে চোরাকারবারি দলের অন্যান্য সদস্যরা তাকে পানবাড়ি এলাকায় এনে ফেলে রেখে পালিয়ে যায়।

কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ আব্দুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।