ইয়েমেন সীমান্তে হামলায় নিহত ২ সৌদি সেনা

ইয়েমেন সীমান্তে সৌদি আরবের দুই সেনা সদস্য নিহত হয়েছে। রবিবার স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে তুরস্কের বার্তা সংস্থা আনাদলু এই খবর প্রকাশ  করে।

সৌদি সংবাদ সংস্থা এসপিএ জানায়, ইয়েমেনের সঙ্গে দেশের দক্ষিণ সীমান্তে এক হামলায় দায়িত্বরত অবস্থায় দুই সৌদি সেনা নিহত হয়েছে।

নিহতদের সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। ফলে সামরিক বাহিনীতে তাদের পদবি বা অবস্থান সম্পর্কে কিছু জানা যায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইয়েমেনের শিয়াপন্থী হুথি বিদ্রোহী গোষ্ঠীরা এই হামলা চালিয়েছে। এর আগেও সীমান্তবর্তী নাজরান এবং জিজান শহরে মিসাইল হামলা চালিয়েছিল হুথিরা।

নভেম্বর মাসের শুরুতে জিজান শহরে এক হামলায় পাঁচ সৌদি সেনা নিহত হয়েছিল।