পলাতক থাকাবস্থায় ট্রাক চাপায় মারা গেলেন পাবনার চাটমোহর ইসলামিক হাসপাতাল নামের ক্লিনিক মালিক আমির হোসেন বাবলু (৫৫)। রোববার রাতে পাবনার ঈশ্বরদীতে এ দূর্ঘটনা ঘটে। তিনি চাটমোহর পৌর সদরের আফ্রাতপাড়া মহল্লার তোফাজ্জল সরদারের ছেলে।
সম্প্রতি তার মালিকানাধীন ক্লিনিকে প্রসূতি মৃত্যুর ঘটনায় চাটমোহর থানায় দায়েরকৃত একটি মামলার আসামি হিসেবে পলাতক ছিলেন তিনি।
ঈশ্বরদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, রোববার রাত একটার দিকে ঈশ্বরদী পৌর সদরের বাবুপাড়া এলাকায় রিক্সাযোগে শ্বশুরবাড়িতে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এর আগে গত ১১ নভেম্বর সোমবার রাতে আমির হোসেন বাবলুর মালিকানাধীন ‘চাটমোহর ইসলামিক হাসপাতাল’ ক্লিনিকে একজন প্রসূতির অপারেশন চলাকালে তাকে মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে পালিয়ে যাওয়ার সময় কথিত চিকিৎসক সাদ্দাম হোসেন নিবির ও আসাদুজ্জামানেক ধরে পুলিশে দেয় এলাকাবাসী। তবে ওই সময় কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন ক্লিনিক মালিক আমির হোসেন বাবলু।
এরপর গত মঙ্গলবার রাতে ওই ঘটনায় মৃত প্রসূতি তাছলিমা খাতুনের বাবা মজনুর রহমান মজনু বাদী হয়ে চাটমোহর থানায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে পলাতক ছিলেন ক্লিনিক মালিক আমির হোসেন বাবলু।