সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার চক আতাউল্লাহ এলাকায় এসএ পরিবহনের একটি কাভার্ডভ্যানের চাপায় শিশু তাওহিদা বেগমের (৬) মৃত্যু হয়েছে। নিহত তাওহিদা ওসমানীনগর উপজেলার চক আতাউল্লাহ গ্রামের আবদুল মতিনের মেয়ে। সোমবার সকালে এই ঘটনা ঘটে।
ওসমানীনগর থানার ওসি (তদন্ত) মাঈন উদ্দিন জানান, সকালে শিশু তাওহিদা বেগম আরবি পড়তে স্থানীয় মসজিদের উদ্দেশে রওয়ানা হয়েছিল। সড়ক পার হওয়ার সময় কাভার্ডভ্যান (নম্বর- ঢাকা মেট্রো উ-১১-৩৭৮৬) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হাইওয়ে পুলিশ কাভার্ডভ্যানটি আটক করেছে। তবে এর চালক পালিয়ে গেছে।