জনসংহতি সমিতির দুপক্ষের ‘গোলাগুলিতে’ নিহত ৩

রাঙামাটির রাজস্থলী উপজেলায় ‘গোলাগুলিতে’ সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) অন্তত তিন সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যার পর উপজেলার ২নং গাইন্ধ্যা ইউনিয়নের বালুমুড়া মার্মাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে নিহতদের কারও নাম পরিচয় জানা যায়নি।

রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবীর জানিয়েছেন, ‘আমরা জেনেছি, ওই এলাকায় সন্তু লারমার নেতৃত্বাধীন মূল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির অভ্যন্তরীণ দুটি পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে এবং সেখানে তিনটি মৃতদেহ পড়ে থাকতে দেখেছেন স্থানীয়রা। তিনটি লাশই জনসংহতি সমিতির সদস্যদের বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে, পৌঁছাতে সময় লাগবে।’

তবে এ ব্যাপারে কথা বলার জন্য মুঠোফোনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উপজেলা, জেলা এবং কেন্দ্রীয় কমিটির নেতাদের মুঠোফোনে যোগাযোগ করেও তাদের কাউকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে ২নং গাইন্দ্যা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান উত্থান মারমার কাছের জানতে চাইলে তিনি বিষয়টি জানেন না বলে জানান।