পরিবহন ধর্মঘটে অচল বেনাপোল বন্দর

বাস ও ট্রাক চলাচল বন্ধ থাকায় গতকাল সোমবার দেশের প্রধান স্থলবন্দর বেনাপোল দিয়ে কোনো মালামাল লোড-আনলোড ও খালাস হয়নি। ফলে শত শত খালি ট্রাক পণ্য লোড করার জন্য বন্দরের সামনে অবস্থান করছে।

তবে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ যাত্রী যাতায়াত ছিল স্বাভাবিক। সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে ১৬৯ ট্রাক মালামাল আমদানি হয়েছে ভারত থেকে। নতুন সড়ক পরিবহন আইন কার্যকরের প্রতিবাদে যশোর থেকে রবিবার শুরু হওয়া এই ধর্মঘট সোমবার ছড়িয়ে পড়ে গোটা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায়।

ঈগল পরিবহনের বেনাপোল অফিসের ব্যবস্থাপক এম আর রহমান বলেন, ঢাকা-কলকাতা ও বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও দেশের অন্যান্য স্থানে দূরপাল্লার সব বাস চলাচল করছে। ট্রেন চলছে। ভারত থেকে আসা যাত্রীরা ট্রেনসহ ছোট ছোট যানবাহনে গন্তব্যে যাচ্ছেন।