ইরাক ও আফগানিস্তানে যুক্তরাজ্যের সেনাবাহিনীর সংঘটিত যুদ্ধাপরাধ ধামাচাপা দিতে চাইছে দেশটির সরকার। বিবিসি প্যানোরামা প্রোগ্রাম ও ‘সানডে টাইমস’ পত্রিকার এক অনুসন্ধানে এমন তথ্য বেরিয়ে এসেছে। অনুসন্ধানী দলের কাছে কয়েকজন ব্রিটিশ গোয়েন্দা তথ্যগত প্রমাণ পাওয়ার কথা নিশ্চিত করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই গোয়েন্দারা মনে করেন, ওই সব হত্যাকাণ্ডের জন্য ব্রিটিশ সেনাদের বিচারের মুখোমুখি করা উচিত। তবে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় দৃঢ়ভাবে এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। ইরাক হিস্টোরি অ্যালিগেশনস টিম (আইএইচএটি) এবং অপারেশন নর্থমুর থেকে ওই প্রমাণগুলো পাওয়া গেছে।
আইএইচএটি ইরাকে সামরিক অভিযান এবং অবরোধের সময় ব্রিটিশ সেনাদের যুদ্ধাপরাধের অভিযোগ নিয়ে তদন্ত করেছে। আর নর্থমুর আফগানিস্তানে ব্রিটিশ সেনাদের যুদ্ধাপরাধের তদন্ত করেছে। তবে সম্প্রতি ফিল শাইনার নামে এক আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর য্ক্তুরাজ্য সরকার উভয় কমিটির তদন্ত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়।
আইএইচএটি ও অপারেশন নর্থমুরের সাবেক গোয়েন্দারা মনে করেন, ব্রিটিশ সরকার আসলে ফিল শাইনারের ঘটনাটিকে অতিরঞ্জিত করে সেনাদের বিরুদ্ধে অপরাধ তদন্ত বন্ধ করার অজুহাত হিসেবে দাঁড় করিয়েছে। এই দুই তদন্তে বেরিয়ে আসা কোনো ঘটনারই বিচার শুরু হয়নি।