চবি দিবস পালিত

নানা আয়োজনে পালিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫৩তম দিবস। গতকাল সোমবার দিনটি উপলক্ষে শাটল-কাটা পাহাড়ের এ বিশ্ববিদ্যালয়কে সাজানো হয় নানা রঙে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় স্বাধীনতা স্মৃতিস্তম্ভ, শহীদ মিনার, জয়বাংলা ভাস্কর্য ও বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভবনগুলো দৃষ্টিনন্দন আলোকসজ্জায় সজ্জিত করা হয়। এতে রঙিন হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে উপাচার্য ড. শিরীণ আখতারের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উপাচার্য সবাইকে নিয়ে চবি বঙ্গবন্ধু চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেন দুর্ঘটনায় এবং চট্টগ্রামের পাথরঘাটায় গ্যাস লাইন বিস্ফোরণে নিহতদের আত্মার মাগফেরাত ও শান্তিকামনা করে বিশেষ দোয়া হয়। উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে প্রশাসন কর্র্তৃক আয়োজিত ‘বিশ্ববিদ্যালয়ের সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে করণীয়’ শীর্ষক আলোচনা সভা হয়। এর আগে উপাচার্য বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সবাইকে নিয়ে কেক কাটেন।

 ১৯৬৬ সালের ১৮ নভেম্বর চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নে পাহাড়ি ও সমতলভূমি মিলিয়ে ১৭৫৩ দশমিক ৮৮ একর জমির ওপর গড়ে তোলা হয় বিশ্ববিদ্যালয়টি।