চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার বরেন্দ্রা গ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নানান সমস্যা নিয়ে গতকাল সোমবার গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদের ‘দলিত ও সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্পর্কিত সর্বদলীয় সংসদীয় গ্রুপ’ এপিপিজি এই গণশুনানির আয়োজন করে।
গণশুনানিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকজন তাদের নানান নিপীড়নের চিত্র তুলে ধরে। এর মধ্যে ভূমিসংক্রান্ত অভিযোগ ছিল সবচেয়ে বেশি। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকজন বলে, ক্ষমতাসীন প্রভাবশালীরা তাদের অনেক জমি দখল করে নিয়েছে। এমনকি শ্মশানঘাট পর্যন্ত দখল করে নেওয়া হয়েছে। এ ছাড়া রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণসহ নানান দাবি তোলা হয় গণশুনানিতে।
গণশুনানিতে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা সমস্যার সমাধান ও দাবি বাস্তবায়নের আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপিপিজির সভাপতি সাংসদ মনোরঞ্জন শীল গোপাল, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, আহমেদ ফিরোজ কবির, গ্লোরিয়া ঝর্ণা সরকার, ফেরদৌসী ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক দেবেন্দ্রনাথ ওঁরাও, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদের, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানাসহ অন্যরা।