নরসিংদীর মাধবদীতে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে মেহেরপাড়ার কবিরাজপুর গ্রাম থেকে সাগর দাস (১৮) নামে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। সাগর দাস কবিরাজপুরের প্রয়াত আশুচন্দ্র দাসের ছেলে। পেশায় তিনি মাছ ব্যবসায়ী ছিলেন। পরিবার নিয়ে একই এলাকার নাসিরউদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন তিনি।
পুলিশ জানায়, গত রবিবার রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হন সাগর। ওই রাতে আর বাড়ি ফেরেননি তিনি। গতকাল ভোরে বাড়ির পাশে সাগরের লাশ পড়ে থাকতে দেখেন তার স্বজনেরা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
মাধবদী থানার ওসি (তদন্ত) সাফায়েত হোসেন পলাশ দেশ রূপান্তরকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের কোনো একসময় তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। মামলার প্রস্তুতি চলছে।