মাদারীপুরে বাস চলাচল বন্ধ করে দিলেন চালক-শ্রমিকরা

নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে মাদারীপুরে পরিবহন চলাচল বন্ধ করে দিয়েছেন চালক ও শ্রমিকরা। মঙ্গলবার সকাল থেকে মাদারীপুরের অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।

শ্রমিকদের দাবি, নতুন আইনটি সংশোধনের পর এটি বাস্তবায়ন করা হোক। এটা না করা পর্যন্ত জেলায় বাস চলাচল বন্ধ থাকবে।

বাস চালকরা জানান, নতুন আইনে সড়ক দুর্ঘটনায় কেউ মারা গেলে চালকদের মৃত্যুদণ্ড এবং আহত হলে ৫ লাখ টাকা জরিমানা দিতে হবে। আমরা শ্রমিক, আমাদের এত টাকা দেওয়ার সামর্থ্য নেই। একজন চালকের পক্ষে ৫ হাজার টাকা জরিমানা দেওয়া কি সম্ভব আপনারাই (সাংবাদিকদের) বলেন?

এদিকে, কোনো ঘোষণা ছাড়াই চালকদের এ ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন জেলার সাধারণ যাত্রীরা। অতিরিক্ত ভাড়া দিয়ে টেম্পু, ব্যাটারিচালিত বাইক, নছিমন  দিয়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন অনেকে।

মাদারীপুর থেকে রাজশাহীগামী যাত্রী মারুফ হাসান বলেন, এলাকায় এক আত্মীয় অসুস্থ, তাকে দেখতে যাবো। সকালে বাসস্ট্যান্ডে এসে দেখি বাস বন্ধ।

জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নের প্রতিবাদে শ্রমিকরা বাস চালানো বন্ধ করে দিয়েছে। তবে এ বিষয়ে  আরও কিছু প্রশ্নের জবাব তিনি এড়িয়ে যান।