আগের দুই ম্যাচের মতো শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতেও তিন অঙ্কের দেখা পেলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের তৌহিদ হৃদয়। এর মধ্যদিয়ে যুব ক্রিকেটে টানা তিনটি শতক হাঁকানোর রেকর্ড গড়ার পাশাপাশি দলকে বিশাল সংগ্রহ এনে দিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান।
চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৩ রান করে আগেই সিরিজ নিশ্চিত করে নেওয়া বাংলাদেশের যুবারা। সর্বোচ্চ ১১১ রান করেন তৌহিদ। তার ১০২ বলের ইনিংসে তিনটি চার ও পাঁচটি ছক্কা হাঁকান চার নম্বরে নামা এই ব্যাটসম্যান।
এর আগে সিরিজের তৃতীয় ম্যাচে অপরাজিত ১২৩ ও চতুর্থ ম্যাচে ১১৫ রান করেন তৌহিদ। এর মধ্যে তৃতীয় উইকেট জুটিতে প্রান্তিক নওরোজ নাবিবের সঙ্গে ৬৯ রান ও চতুর্থ উইকেটে পারভেজের সঙ্গে ১০০ রানের জুটি গড়েন তিনি।
তৌহিদের সেঞ্চুরি ছাড়াও সিরিজের শেষ ওয়ানডেতে অর্ধশতকের দেখা পেয়েছেন তিন নম্বরে নামা প্রান্তিক নওরোজ নাবিল। ৭৭ বলে চার চার ও দুই ছক্কায় ৬৫ রান করেন তিনি। অন্যদের মধ্যে পারভেস হোসেন ৩৮ ও অভিষেক দাস ২৪ রান করেন।