সাবেক প্রক্টরের কুশপুত্তলিকা দাহ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানকে শিবিরকর্মী আখ্যা দিয়ে তার কুশপুত্তলিকা দাহ করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার বিকেলে বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের ডায়ানা চত্বরে এ কর্মসূচি পালন করে তারা।

আন্দোলনকারীদের অভিযোগ, অধ্যাপক ড. মাহবুবর রহমান ছাত্রজীবনে শিবির করতেন। গত সোমবার বেসরকারি টিভি ডিবিসিতে প্রচারিত প্রতিবেদনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদার বক্স হল শাখা ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বলেন, ‘মাহবুবর রহমান রাবির শিবির-নিয়ন্ত্রিত সংবাদপত্র পাঠক ফোরামের সদস্য ছিলেন।’ এরপর গতকাল মাহবুবরের বিরুদ্ধে বিক্ষোভ হয়।

ছাত্রলীগের সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক মিজানুর রহমান বলেন, ‘মাহবুবর রহমান শিবির করতেন বলায় তিনি আমার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করেছেন। অথচ এখন সেটিই প্রমাণ হলো। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে দেখা করে তাকে সকল প্রশাসনিক পদ থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছি।’

এ বিষয়ে ড. মাহবুবর রহমান বলেন, ‘মাদার বক্স হল শাখা ছাত্রলীগ নেতা আমার বিষয়ে মিথ্যা ও অবান্তর তথ্য দিয়েছেন। এখনো বলছিÑ শিবির করার একটি প্রমাণও কেউ দিতে পারলে আমি ক্যাম্পাস ছেড়ে চলে যাব। আমি আইনের আশ্রয় নিয়েছি, সেখানেই এর মীমাংসা হবে।’