মা-ছেলেসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

আশুলিয়ার পৃথক স্থানে গত সোমবার রাতে অভিযান চালিয়ে মা-ছেলেসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়।

ঢাকা জেলা উত্তর ডিবির এসআই কাউছার সুলতান বলেন, আশুলিয়ার নিরিবিলি মুক্তধারা এলাকায় অভিযান চালিয়ে আব্দুল জলিলের ছেলে মাদক কারবারি তুহিন সরদারকে (২৪) গ্রেপ্তার করা হয়। এ সময় তার থেকে ২২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বাড়িতে অভিযান চালিয়ে তার মা বকুল বেগমকে (৫২) ২২০ পুড়িয়া হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। পরে পুরো বাড়িতে তল্লাশি চালিয়ে পাওয়া যায় আরও দেড় হাজার পিস ইয়াবা ও ৭৭০ পুড়িয়া হেরোইন। তুহিনের বিরুদ্ধে ৫টি ও তার মায়ের বিরুদ্ধে ৩টি মাদক মামলা রয়েছে। এদিকে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের এসআই গণি মিয়ার নেতৃত্বে কাঠগড়া চৌরাস্তার পাশে মানিকের কলার আড়তে অভিযান চালিয়ে মাদক কারবারি শেরপুরের নালিতাবাড়ির বাদল মিয়া (২৮) ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আব্দুল কাদিরকে (৩৪) গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে ২৫০ পিস ইয়াবা পাওয়া যায়।