ট্রাক ও কাভার্ডভ্যান ধর্মঘটের কারণে চট্টগ্রামে আমদানি-রপ্তানি পণ্য পরিবহনে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ব্যবসায়ীরা।
নতুন সড়ক আইন সংশোধনের দাবিতে বুধবার সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়েছে।
এর ফলে সকাল থেকে চট্টগ্রাম বন্দর থেকে সব ধরনের আমদানি-রপ্তানি পণ্য পরিবহন বন্ধ রয়েছে। বিভিন্ন শিল্পকারখানার জন্য আমদানি করা কাঁচামালের পাশাপাশি আমদানি করা ভোগ্যপণ্যও বন্দর থেকে ডেলিভারি হচ্ছে না। একইভাবে তৈরি পোশাকসহ রপ্তানির জন্য তৈরি পণ্যগুলোও শিপমেন্টের জন্য বন্দরে নেওয়া যাচ্ছে না।
এ পরিস্থিতিতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন দেশের আমদানি-রপ্তানির সঙ্গে জড়িত ব্যবসায়ীরা।
আন্তঃজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি হাজী মনির আহমদ দেশ রূপান্তরকে জানান, নতুন সড়ক আইন স্থগিত ও তা সংশোধনের দাবিতে বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান ও পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ ঘোষিত কর্মসূচি অনুযায়ী এ ধর্মঘট পালন করা হচ্ছে।
তিনি জানান, সকাল থেকে চট্টগ্রামে ট্রাক ও কাভার্ডভ্যানে পণ্য পরিবহন পুরোপুরি বন্ধ রয়েছে।
সকালে চট্টগ্রাম বন্দর এলাকা ঘুরে দেখা যায় রাস্তায় কোনো ধরনের ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল করছে না। বন্দর থেকে পণ্য নিয়ে কোনো ট্রাক কিংবা কাভার্ডভ্যান বের হতে দেখা যায়নি। বেসরকারি কন্টেইনার ডিপোগুলোতেও রপ্তানি পণ্য নিয়ে কোনো গাড়ি ঢুকছে না।
ধর্মঘটের কারণে সকাল থেকে বন্দরে কোনো গাড়ি ঢোকেনি বলে দেশ রূপান্তরকে জানান চট্টগ্রাম বন্দরের উপপরিচালক (নিরাপত্তা) মেজর মো. রেজাউল হক।
বেসরকারি কন্টেইনার ডিপো (অফডক) মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপোস অ্যাসোসিয়েশনের (বিকডা) সচিব রুহুল আমিন সিকদার বিপ্লব দেশ রূপান্তরকে জানান, ট্রাক-কাভার্ডভ্যান ধর্মঘটের কারণে অফডকগুলোতেও অচলাবস্থা সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, সকাল থেকে অফডকগুলোতে রপ্তানি পণ্য নিয়ে কোনো ট্রাক-কাভার্ডভ্যান ঢোকেনি। একইভাবে অফডকে থাকা আমদানি পণ্যও ডেলিভারি দেওয়া যায়নি।
রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ’র প্রথম সহসভাপতি এমএ সালাম দেশ রূপান্তরকে বলেন, ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকায় সকাল থেকে আমদানি-রপ্তানি পণ্য পরিবহন পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
তিনি বলেন, একদিকে বিভিন্ন গার্মেন্টস কারখানার জন্য আমদানি করা কাঁচামাল বন্দর জেটি থেকে ডেলিভারি নেওয়া যাচ্ছে না। অন্যদিকে জাহাজিকরণের জন্য তৈরি করা রপ্তানি পণ্যও ডিপোতে পাঠানো যাচ্ছে না।
এমএ সালাম বলেন, বিষয়টি দ্রুত সমাধান না হলে আমদানি-রপ্তানি ব্যবসা বিপর্যয়ের মুখে পড়তে পারে। এতে দেশের অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব বয়ে আনবে।
প্রসঙ্গত, মঙ্গলবার রাজধানীর তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে সংবাদ সম্মেলন করে বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ঢাক দেয় বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান ও পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।