গোল উদযাপনে বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ (ভিডিও)

ইউরোপিয়ান ফুটবলে সাম্প্রতিক সময়ে অন্যতম আলোচনার বিষয় বর্ণবাদ। এই যুগেও গায়ের রঙয়ের বৈষম্য যেন ফুটবল নিয়ন্ত্রক সংস্থাগুলোর চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। নানা পদক্ষেপেও যেন সমস্যার সুরাহা হচ্ছে না। ভিন্নভাবে গোল উদযাপন করে বর্ণবাদের প্রতিবাদ জানালেন নেদারল্যান্ডসের খেলোয়াড় জর্জিনিয়ো ওয়াইনল্ডাম।

আমস্টারডামে মঙ্গলবার রাতে এস্তোনিয়ার বিপক্ষে ইউরো ২০২০ বাছাই পর্বের নিজেদের শেষ ম্যাচে গোল উদযাপনে এই মিডফিল্ডার জানিয়ে দিলেন সাদা-কালো সবই এক, গায়ের রঙয়ে ভেদাভেদ নেই। ম্যাচটিতে গোলের হ্যাটট্রিক করেন ওয়াইনাল্ডাম।

এস্তোনিয়ার বিপক্ষে দলের ৫-০ ব্যবধানের জয়ের ম্যাচে ষষ্ঠ মিনিটেই দলকে এগিয়ে নেন ওয়াইনাল্ডাম। এর পর টাচলাইনের বাইরে গিয়ে সতীর্থ ফ্র্যাঙ্কি ডি ইয়ংয়ের সঙ্গে কনুই মিলিয়ে করেছেন গোলের উদযাপন। ওয়াইনাল্ডার যেটা বোঝাতে চেয়েছেন সেটা বুঝে নেওয়া গেছে পুরোপুরি। দুইজনের হাতের রঙে পার্থক্যের দিকে ইঙ্গিত করেছেন, এর পর বোঝাতে চেয়েছেন সবাই এক।

সপ্তাহের শুরুতে ডাচ দ্বিতীয় বিভাগের ডেন বোশ ও এক্সেলসিওরের ম্যাচে বর্ণবাদের শিকার হয়েছিলেন আহমেদ মেন্ডেস মরেয়ারা। এক্সেলসিওরের মেন্ডেসকে ইঙ্গিত করে কাকের ডাক দিয়েছিল মাঠের দর্শকেরা। পরে রেফারি খেলাও বন্ধ রেখেছিলেন। মেন্ডেসের কাছে পরে দুঃখ প্রকাশ করেছে ডেন বোশ।

এই ঘটনা নজর এড়ায়নি অরেঞ্জদেরও। ডাচ জাতীয় দলের ফুটবলাররা এস্তোনিয়ার বিপক্ষে ম্যাচের আগেরদিন 'এনাফ ইজ এনাফ' হ্যাশট্যাগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্ণবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান দিয়ে রেখেছিলেন।

এস্তোনিয়ার বিপক্ষে ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে ওয়ানাইল্ডাম ওই ঘটনার ব্যাপারে মন্তব্য করতে গিয়ে বলেছিলেন, "আমি হলে তো মাঠ ছেড়ে বেরিয়ে যেতাম, আর ফিরতাম না।" এস্তোনিয়ার বিপক্ষে গোল উদযাপনেও বর্ণবাদের প্রতিবাদ জানালেন ২৯ বছর বয়সী এই ফুটবলার।