ভারতজুড়ে এনআরসির ঘোষণা অমিত শাহের

ভারতের প্রত্যেকটি রাজ্যে জাতীয় নাগরিক তালিকা করা হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

জি নিউজ জানায়, মঙ্গলবার পার্লামেন্টে নিজের বক্তব্যে এই ঘোষণা দেন অমিত শাহ।

তিনি আরও জানান, পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু, খ্রিস্টান, পার্সি, বৌদ্ধ এবং জৈন ধর্মাবলম্বী মানুষদের নাগরিকত্ব দিতেই সরকার নাগরিকত্ব সংশোধনী বিল আনতে চলেছে।

এনআরসি-র প্রশ্নে কোনো নির্দিষ্ট ধর্মের মানুষের চিন্তার কারণ নেই বলে জানান ক্ষমতাসীন বিজেপি সভাপতি। ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের ওপর দেশজুড়ে এনআরসি চলবে।

নাগরিকত্বের বিষয়ে মুসলিমদের নিয়ে সরকারের কী চিন্তা? রাজ্যসভায় এমন প্রশ্নে সরাসরি উত্তরে না গিয়ে অমিত শাহ বলেন, ‘শরণার্থী হিন্দু, পার্সি, বৌদ্ধ, জৈনদের নাগরিকত্ব দিতে নাগরিক সংশোধনী বিলের আওতায় আনা হবে।’ এর ব্যাখ্যায় তিনি জানায় বলেন, পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানে ওই সব শরণার্থীরা নির্যাতিত।

পুরো দেশের মতো আসামেও এনআরসি হবে বলে তিনি জানান। কিন্তু আসামে আবার কেন নাগরিকত্ব তালিকা? এমন প্রশ্নের উত্তরে অমিত শাহ বলেন, ‘সুপ্রিম কোর্টের নির্দিষ্ট নিয়মে আসামে এনআরসি হয়। কিন্তু দেশজুড়ে যখন এনআরসি চলবে, সেই নিয়ম আসামেও কার্যকর হবে।’