‘পৃথিবীর গাড়িটা থামাও’

বাংলা গানের কালজয়ী সংগীত পরিচালক, গীতিকার, সুরকার এবং গল্পকার সলিল চৌধুরীকে স্মরণ করতে যাচ্ছে সাংস্কৃতিক সংগঠন জলতরঙ্গ।

সলিল চৌধুরীর জন্মদিন ছিল মঙ্গলবার। তবে জলতরঙ্গ তা উদ্‌যাপন করবে শুক্রবার। এ দিন সন্ধ্যা ৬.৩০টায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির মূল মিলনায়তনে ‘পৃথিবীর গাড়িটা থামাও’ শীর্ষক গীতি-আলেখ্য অনুষ্ঠিত হবে বলে বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় তারা।

সলিলের গান আর কবিতা দিয়ে জলতরঙ্গ  সাজিয়েছে এ অনুষ্ঠান। এতে পরিবেশিত হবে ‘গৌরীশৃঙ্গ তুলেছে শির’, ‘পথে এবার নামো সাথি’, ‘সাত ভাই চম্পা জাগো রে’, ‘দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক’, ‘আমি ঝড়ের কাছে রেখে গেলাম’ সহ বেশ কিছু গান।

সংগীত পরিচালনা করবেন জাকির হোসেন তপন ও তানভীরা আশরাফ শ্যামা। সব গান আর কবিতা জলতরঙ্গের শিল্পীরা পরিবেশন করবেন।

এ আসরে সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পী তপন মাহমুদ, জীনাত রেহানা ও লিনু বিল্লাহ্। 

জলতরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের জন্ম ২০১৪ সালের অক্টোবরে মাস।  এরপর থেকে জলতরঙ্গ প্রতি বছর  একটি করে  বড় আকারের অনুষ্ঠান আর নিয়মিত মাসিক শ্রোতার আসর আয়োজন করে আসছে। এরই মধ্যে রুচিশীল আর প্রতিশ্রুতিশীল সংগঠন হিসেবে জলতরঙ্গ সংগীত মহলে সুনাম  অর্জন করেছে।

তারই অংশ হিসেবে সলিল চৌধুরী স্মরণে এ আয়োজন বলে জানায় তারা।